# Tags

দৌলতপুরে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি: বাড়িঘর ভাঙচুর লুটপাট, প্রাইভেট কারে আগুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দাবীকৃত চাঁদা না দেওয়াই ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করেছে স্থানীয় বিএনপি’র কর্মীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চক কৃষ্ণপুর গ্রামের সাদমানের ছেলে সানজিদ (৪৫) এর বাড়িঘর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা।

এসময় বাড়িতে থাকা ১টি এক্স নোয়াহ ভক্সি ও ৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে সানজিদের কাছ থেকে ওই এলাকার বিএনপি কর্মী আকবর আলীর ছেলে জাব্বার (৪২) চাঁদা চেয়ে আসছিল, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে বাক বিতন্ডা হয় এবং একপর্যায়ে সানজিদ জাব্বার কে থাপ্পড় মারে। পরে জাব্বার তার লোকজন কে সাথে নিয়ে রাত ১০টার দিকে সানজিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালাই। পরে বাড়ির উঠানে থাকা ১টি এক্স নোয়াহ ভক্সি, ১টি এফজেড মোটরসাইকেল, ১টি পালসার মোটরসাইকেল ও ১টি ফেজার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সানজিদের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাব্বার আমার কাছে চাঁদা চেয়ে আসছিল, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় এবং আমার একটি সদ‍্য ক্রয়কৃত এক্স নোয়াহ ভক্সি ও তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমি এর বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত আব্দুল জাব্বার পাল্টা অভিযোগ করে বলেন, “চাকরি দেওয়ার কথা বলে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে চাকরি না দিতে পারলে টাকা ফেরত চাইলে আমাকে মারধর করে। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায়।”

ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, চক কৃষ্ণপুরে একটি বাড়িতে কিছু লোকজন ইটপাটকেল মারে ও বাড়িতে থাকা একটি নোয়াহ গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।